মাধবপুরে অবৈধ মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা অভিযোগে হালুয়াপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানে’র ছেলে মাহবুবুর রহমান (৪৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







