প্রকাশিত সংবাদের প্রতিবাদে বানিয়াচংয়ের ছাত্র-জনতার মানববন্ধন
বিবিসি বাংলা কর্তৃক গত ২৫শে জুলাই হবিগঞ্জের বানিয়াচংয়ে বাছাই করে পুলিশ হত্যার শীরোনামে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদে রবিবার (২৭ জুলাই) স্থানীয় শহীদ মিনারে বানিয়াচংয়ের সর্বস্তারের ছাত্র-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে গত ৫ই আগস্টে (২০২৪) গুলি করে ছাত্র-জনতার হত্যাকারী, ঘুষখোর, নিরীহ মানুষদের হয়রানিকারী, মাদক ব্যবসায়ের মদদ দাতা এস.আই সন্তোষ চৌধুরীকে নিয়ে বিবিসি বাংলা কর্তৃক প্রচারিত সাজানো, একপেশে, ফরমায়েশী ও উদ্দেশ্য প্রণোদীত সংবাদ প্রকাশের প্রতিবাদে আজকের এই মানববন্দন। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বানিয়াচং উপজেলায় জুলাই আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামিলীগের নেতাকর্মীদের গুলিতে ৯ জন নিরীহ নাগরিক নির্মমভাবে নিহত হন।
এই গণহত্যার প্রত্যক্ষদর্শী ছিল গোটা বানিয়াচংবাসী সহ দেশের জনগণ। ঘটনাস্থলে থাকা অসংখ্য ভিডিও ও ছবি প্রমাণ করে—নিহতদের অনেকেই ছিলেন নিরস্ত্র, সাধারণ মানুষ, যারা কোনো ধরনের সহিংসতায় অংশ নেননি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ জনতা প্রতিক্রিয়াস্বরূপ এক পুলিশ সদস্যকে প্রাণঘাতী আঘাত করেন, যা অবশ্যই দুঃখজনক। যারা একপেশে, ফরমায়েশী বিভ্রান্তিমূলক সংবাদ ছড়াচ্ছেন, তারা প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাচ্ছেন। আমরা এইসব মিডিয়ার মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব সংবাদ অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।
এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও গণহত্যার দায়ীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত ঘোষনা করা হয়। এসময় মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








