মোবাইল ও নগদ টাকাসহ লুট, আত্মীয়ের জিম্মায় হস্তান্তর
চুনারুঘাটে ছিনতাইকারীর কবল থেকে ৩ নারীকে উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ছিনতাইকারীর কবল থেকে তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে ৫৫ বিজিবির অধীনস্থ কালেঙ্গা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৫১ থেকে প্রায় ৬০০ গজ ভেতরে জাম্বুরাছড়া সংলগ্ন রিজার্ভটিলা এলাকায় তিন নারীকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি জিম্মি করে রেখেছিল। খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি তিন নারীকে নিরাপদে উদ্ধার করে আত্মীয়ের জিম্মায় হস্তান্তর করে।
উদ্ধারকৃতরা হলেন-মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া গ্রামের মৃত পিউশ হাজং এর মেয়ে লতিকা হাজং (৪৩), সুদীস নালের মেয়ে মীনা দাড়িং (৪৫), মৃত পিউশ হাজং এর মেয়ে শ্রাবনী হাজং (৩৮)। তারা আত্মীয়ের বাড়িতে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বিজিবি তাদের আত্মীয় চুনারুঘাটের মিরাশি কালেঙ্গা মঙ্গলিয়া বাড়ির বাপ্পুর কাছে হস্তান্তর করে।
রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা আমাদের প্রধান দায়িত্ব হলেও সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবি সবসময় প্রস্তুত। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানাচ্ছি।








