তারেক রহমানকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশের ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিনন্দন জানান তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি বিশেষ বাসে করে পূর্বাচলের ৩০০ ফিটে দলের আয়োজিত সমাবেশস্থলে যাচ্ছেন।
সমাবেশস্থলে তার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ নেতাকর্মী, যাদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। পরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছাবেন তিনি।







