জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমিরখানি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসার উদ্যোগে রবিবার (১ ফেব্রুয়ারি) কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসানের সভাপতিত্বে এবং শিক্ষক সাজ্জাদ বিন লালের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পৃষ্ঠপোষক আল্লামা শায়েখ আবুল কালাম মওদুদ হাসান, বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা মাওলানা আবুল মোহাম্মদ হাসান ,ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান।
অনুষ্ঠানে মাদরাসার নুরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা নবীর আলী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক দিলোয়ার হোসাইন, শিক্ষক মোবারক আলী ও আফজাল হোসেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাওলানা নবীর আলীকে ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাওলানা রায়হান ও মাওলানা আফজালকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
উল্লেখযোগ্য, বিভিন্ন শ্রেণীর অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন, যা শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও শালীনতা গড়ে তুলতে মাদরাসার শিক্ষা কার্যক্রমের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথে অনুপ্রেরণা জোগাবে।
সমাবেশে মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






