মন্ত্রিসভার শপথ তিন-চার দিনের মধ্যে : মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে সর্বোচ্চ আগামী তিন থেকে চার দিনের মধ্যে। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ। বঙ্গভবনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এ শপথ পড়াবেন।আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এবারের নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি।
সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলটি এ ঘোষণা আগেই দিয়েছে।
নির্বাচনে ফলাফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। আর তাঁদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অর্থাৎ বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। অর্থাৎ জামায়াতে ইসলামি ও তার মিত্ররা পেয়েছে ৭৭ আসন। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এখন নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ কবে, কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভার শপথের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে শপথ হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি এ শপথ পড়ান।
নতুন মন্ত্রিসভার শপথের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন ও আনুষঙ্গিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, এরপর সুবিধাজনক একটি সময় নির্ধারণ করা হয় শপথের জন্য। তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে।’
তবে মন্ত্রিপরিষদ বিভাগকে যদি বলা হয় আগামীকাল বা পরশু, সেটারও প্রস্তুতি আছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সংসদ সদস্যদের শপথ হওয়ার পর জানা যাবে মন্ত্রিসভার শপথ কবে হবে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি আছে বলে জানান তিনি।





