বিএনপি–জমিয়ত–গণঅধিকার পরিষদের শোকরানা দোয়া ও ইফতার মাহফিল
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ–এর যৌথ উদ্যোগে শোকরানা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় জনাব আলী সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব (মাখন) ও জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ,সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “রমজানের শিক্ষা আমাদের সংযম, ঐক্য ও মানবিকতার পথে পরিচালিত করে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়ন ও গণমানুষের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, “এই ধরনের যৌথ আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে। রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” ইফতার মাহফিলটি রাজনৈতিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।







