মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ী গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলের এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত পৌনে একটার দিকে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তির হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকী রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মির্জাপুর গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।







