প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী
জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি ইট উধাও
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
অভিযোগে জানা যায়, উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি হেরিং বন্ডের মাধ্যমে মেরামত করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর পুরো রাস্তার ইট অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৬নং ওয়ার্ডের সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। কিন্তু প্রকল্প এলাকায় হেরিং বন্ডের প্রায় ১৫ লক্ষ ইট রাতের বেলায় সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে । স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টা চলছে, যা উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে।
এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী যদি এভাবে লোপাট হয়, তাহলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। বিষয়টি দ্রুত তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
স্থানীয়রা জানান, দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই রাস্তার ইট সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগের অনুলিপি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি জরুরি।








