খোয়াই নদীতে গরু পারাপারের সময় নিখোঁজ জলিল মিয়া
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও এলাকার কোটবাড়ী খেয়াঘাটে খোয়াই নদীতে গরু নিয়ে পারাপারের সময় জলিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জলিল মিয়া একটি গরু নিয়ে খোয়াই নদী পার হয়ে অপর পারে যান। সেখানে গরু বিক্রি করতে না পেরে ফেরার পথে নদী পারাপারের সময় হঠাৎ স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে স্থানীয়রা নদীর তীরে তার সঙ্গে থাকা গরুটি দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গরু বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর খোয়াই নদীর কোটবাড়ী খেয়াঘাট এলাকায় তার গরু পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নদী পারাপারের সময় তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।







