ইরানের শীর্ষ নেতাদের তথ্য চায় যুক্তরাষ্ট্র, পুরস্কার কোটি ডলার
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মোজতবা খামেনির পাশাপাশি তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপপ্রধান আলি আসগর হেজাজি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
তালিকায় আরও রয়েছেন সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব।
এছাড়া চারটি গুরুত্বপূর্ণ পদধারীর কথাও উল্লেখ করা হয়েছে,সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সচিব, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির প্রধান কমান্ডার এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ব্যক্তি আইআরজিসির বিভিন্ন শাখা পরিচালনা ও বৈশ্বিক পর্যায়ে অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বের অংশ।
‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, এসব ব্যক্তি বা আইআরজিসির শীর্ষ কমান্ডারদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য থাকলে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা জানানো যাবে। যোগ্য তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।







