নবযোগদানকৃত ইউএনও গালিব চৌধুরীর সাথে মতবিনিময়
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনসেবার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত বক্তারা উপজেলার যানজট সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বেকারত্ব সমস্যা নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ববর্তী ইউএনও জিয়াউর রহমান শ্রীমঙ্গল উপজেলায় বদলি হলে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে গত ২০ এপ্রিল গালিব চৌধুরী চুনারুঘাট উপজেলায় যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।







