মাধবপুরে ১৬টি পূজামণ্ডপে অনুদান দিলেন মেয়র প্রার্থী সুলেমান মিয়া
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি পূজামণ্ডপে নগদ অনুদান দিয়েছেন পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির নেতা মো. সুলেমান মিয়া। মঙ্গলবার সন্ধ্যা থেকে সমর্থকদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ১৬টি মণ্ডপে মোট ৬০ হাজার টাকা অনুদান দেন তিনি।
পরিদর্শনকালে সুলেমান মিয়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় মেয়র প্রার্থী মো. সুলেমান মিয়া বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। পৌর এলাকার সব ধর্মের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়েছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. দুলাল খাঁ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা আব্দুল হাইসহ স্থানীয় নেতৃবৃন্দ, মেয়র প্রার্থীর সমর্থকেরা।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপনে মেয়র প্রার্থী সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে চান।







