ক্রিকেট লিগে দল কিনলেন ডু প্লেসি, রোডস এবং ক্লাসেন
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকানায় সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে। সর্বশেষ, রটারডাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন ডু প্লেসি, জন্টি রোডস এবং হেনরিখ ক্লাসেন।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত রোডস বর্তমানে কোচিংয়ে ব্যস্ত। অন্যদিকে, ডু প্লেসি ও ক্লাসেন জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন। রটারডাম দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন ডু প্লেসি। দলটির মালিকানার অংশ হতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত এবং ইউরোপীয় ক্রিকেটের এই নতুন উদ্যোগে বড় সম্ভাবনা দেখছেন।
আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইটিপিএলের প্রথম আসর। ইউরোপের ছয় শহর- গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম-থেকে অংশ নেবে ছয়টি দল। পুরো আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানাতেও আছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় নাম। আমস্টারডাম দলের সঙ্গে যুক্ত আছেন স্টিভ ওয়াহ এবং হকি কিংবদন্তি জেমি ডোয়ায়ার, যাদের দলে অধিনায়ক মিচেল মার্শ। বেলফাস্ট দলের মালিকদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার মালিকানায় রয়েছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম, আর দলটির নেতৃত্বে আছেন মিচেল স্যান্টনার।
এ ছাড়া গ্লাসগো-ভিত্তিক দলের মালিকানায় যুক্ত হয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।







