মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাদক সেবন করে এলাকাবাসীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলার শিবপাশা ইউনিয়নের ধানহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানে শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ধানুহাটির আব্দুর রহিম মিয়ার ছেলে আক্কাস মিয়া (২৫) বেশকিছু দিন ধরেই মাদক সেবন করে যাচ্ছিলো। মাদক সেবন করে প্রতিবেশীদের তিনি নানাভাবে হেয় প্রতিপন্ন করতো। স্থানীয়রা প্রতিনিয়ত আক্কাসের অসদাচরণে অতিষ্ঠ।
স্থানীয়দের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে আজমিরীগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







