মাধবপুর-চুনারুঘাটে চাঁদাবাজি-সন্ত্রাস চলতে দেয়া হবে না: এমপি ফয়সল
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, “আমি বেঁচে থাকতে মাধবপুর-চুনারুঘাটে কোনও চাঁদাবাজি ও সন্ত্রাস চলতে দেয়া হবে না।”
সোমবার (১৮ মে) দুপুরে মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গিরিধারী আখড়ায় মাধবপুর সনাতন সমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করেছে এবং নিরীহ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
এমপি ফয়সল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে মাধবপুর-চুনারুঘাটে সমতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
মনোজ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সৈয়দ শাফকাত আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর অজিত পাল, অরুণ কুমার নাগ, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, অমলেন্দু ভট্টাচার্য, হিমাংশু দেব, রাখাল ঘোষ ও শ্যামল দেব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







