ভূমিসেবা মেলা উপলক্ষে মাধবপুরে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
মেলায় অনলাইন নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং তথ্যসেবা প্রদান করা হয়।







