চুনারুঘাটে গ্যাসের সম্ভাব্য সন্ধান, এলাকায় চাঞ্চল্য
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা গ্রামে ভূগর্ভস্থ গ্যাসের সম্ভাব্য আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়াব্দা গ্রামের একটি স্থানে সম্প্রতি মাটি ফুঁড়ে গ্যাস জাতীয় পদার্থ নির্গমনের লক্ষণ দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মাটি থেকে গ্যাসের মতো কিছু বের হওয়ার বিষয়টি দেখতে পেয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই। পরে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে সম্ভাব্য গ্যাসের সন্ধানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। তবে অনুসন্ধান ও পরীক্ষার কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্যাসের মজুত বা প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক মিয়া বলেন, যদি এখানে বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত পাওয়া যায়, তাহলে এটি এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কিছু আলামত পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। অনুসন্ধান কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।








