সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।
রোববার (২১ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন ধরনের তথ্য প্রচারের কারণে সমাজে বিভ্রান্তি, গুজব ও জনমনে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ ধরনের অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং জনস্বার্থের পরিপন্থী। তাই গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার মাধ্যমে একটি সচেতন ও তথ্যভিত্তিক সমাজ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







