নবীগঞ্জে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পাশে একটি বরুণ গাছে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সেলিম মিয়া ওই গ্রামেরই বাসিন্দা মৃত মারুত মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে সেলিম মিয়াকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বরুণ গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ভিড় জমান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলচে। এই আকস্মিক মৃত্যুতে পুরো বৈঠাখাল গ্রামসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) দুলাল মিত্র্যা।







