জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়কের নামকরণের দাবিতে আবেদন
জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী মাধবপুর উপজেলার একমাত্র জুলাই শহীদ শামীম মিয়ার স্মৃতি সংরক্ষণে তাঁর নামে একটি সড়কের নামকরণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের কাছে এ আবেদনপত্র জমা দেওয়া হয়।
এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শামীম মিয়া গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে মাধবপুর বাজারের কিবরিয়া স্কয়ার থেকে উপজেলা পশু হাসপাতাল পর্যন্ত প্রায় ৪৫০ মিটার সড়কের নাম “জুলাই শহীদ শামীম মিয়া সড়ক” করার দাবি জানানো হয়েছে।
আবেদনকারীরা মনে করেন, সড়কটির নামকরণ হলে শহীদ শামীম মিয়ার অবদান যথাযথ মর্যাদা পাবে এবং তরুণ প্রজন্ম দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হবে।
মাধবপুরের জুলাই বিপ্লবী ছাত্র-জনতার পক্ষে সৈয়দ মুহা. মাহদী হাসান স্বাক্ষরিত আবেদনপত্রে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আবেদনটির অনুলিপি উপজেলা পরিষদের প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
আবেদন জমাদানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, সদস্য সচিব হাফেজ শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সংগঠক ও নির্বাহী সদস্য সৈয়দ মুহা. মাহদী হাসান উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহলের মতে, শহীদ শামীম মিয়ার নামে সড়কের নামকরণ করা হলে তা শুধু একজন শহীদের প্রতি সম্মান প্রদর্শনই নয়, বরং মাধবপুরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে স্থান পাবে।







