৩ শিশুকে অপহরণের চেষ্টা, চেয়ারম্যান ও এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার
লাখাই উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর তিন কোমলমতি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় শিশু তিনটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও সুযোগ বুঝে অপহরণকারী চক্রের অজ্ঞাত নারী সদস্য পালিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ জুন) সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ছুটি শেষে শিক্ষার্থীরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন এক অজ্ঞাতনামা মহিলা কৌশলে তিনটি শিশুকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুদের আচরণ এবং মহিলার গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত কিছু সচেতন এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন।
খবর পেয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সাল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সকলের যৌথ ও সাহসী তৎপরতায় শিশু তিনটিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারী মহিলা ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।







