শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও নাঈম নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) বেলা ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার পুত্র সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র নাঈম (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার শহিদ আলীর পুত্র সাব্বির (২৫)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে আসার পথে হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। এর মধ্যে সৌরভ ও নাঈম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈম মৃত্যু ঘোষণা করেন এবং সাব্বিরেক প্রাথমিক চিকিৎসা শেষে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রেফার করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, বাস ও মোটরসাইকেল সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আসার আগে মত্যুবরণ করেন। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করি। তাদের সবার বাড়ি হবিগঞ্জ সদরে।
জানা গেছে, নিহত সৌরভ পেশায় শিক্ষার্থী ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলার দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আলিমের শিক্ষার্থী ছিলেন। নিহত নাঈম পেশায় ছিলেন শ্রমিক। তিনি হবিগঞ্জে ইন্টারনেট লাইনের (ওয়াইফাই) কাজ করতেন।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।বর্তমান লাশের সাথে আমরা শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। ঘাতক বাস চালক পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মোটরসাইকেলও থানা হেফাজতে আছে।







