অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার চারজন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগানে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চার কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—রাবার বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেন।
রাবার বাগান সূত্রে জানা যায়, সোমবার তেতুলতলা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতির খবর পেয়ে সরকারি সম্পদ রক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। এ সময় হরিতলা এলাকার সালা উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, “সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে।”
শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার ননী গোপাল দেব অভিযোগ করেন, সালা উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বাগানের সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে বাধা দেওয়ায় তারা বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
তিনি জানান, এ ঘটনায় ২০২৫ সালের মার্চ মাসে হিসাবরক্ষণ কর্মকর্তা বাদী হয়ে সালা উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে প্রতিপক্ষ পাল্টা একাধিক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







