বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৭
নাটোরের বড়াইগ্রামে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘড়ি কিনুন
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এবং বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার পর বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে ট্রাকচালকও রয়েছেন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৩-৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ঘটনাস্থলেই তারা ৯টি মরদেহ পেয়েছেন। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন তারা।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব হোসেন জানান, সকাল ৯টা ৩৮ মিনিট পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। রাজশাহীতে পাঠানো হয়েছে দুইজনকে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, হতাহতদের ঠিকানা সংগ্রহ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর ৪-৫ কিমি যানজট তৈরি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।







