বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোহিনী সরকার
বিবাহবার্ষিকীর দিনই ভক্তদের সঙ্গে জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ ভাগ করে নিলেন টালিউডের শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে জানিয়ে দিলেন, তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। অর্থাৎ খুব শিগগির দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি।
২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও সম্পর্কের নানা মুহূর্ত সব সময়ই আড়ালেই রেখেছেন তারা। তাই কয়েক মাস ধরে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে সোহিনীর উপস্থিতি কমে যাওয়ায় সেই জল্পনা আরো জোরালো হয়। সম্প্রতি একটি অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে দেখা গেলে তাঁর ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর অনুরাগীদের মধ্যে আলোচনা আরো বাড়লেও নীরব ছিলেন শোভন-সোহিনী।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেদের বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই দম্পতি।
ছবিগুলোতে বেবি বাম্পের পাশাপাশি ধরা পড়ে তাদের ভালোবাসা, হাসিমুখ আর নতুন জীবনের অপেক্ষার আনন্দ। ছবির ক্যাপশনে মাত্র তিনটি শব্দ লিখেছেন তাঁরা—‘দুই থেকে তিন’।
এই ছোট্ট বার্তাই নিশ্চিত করে দেয়, খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার।
ছবি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। টালিউডের সহশিল্পী, নির্মাতা, সংগীতশিল্পীসহ অসংখ্য ভক্ত নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
অনেকেই মন্তব্য করেছেন, বিবাহবার্ষিকীতে এর চেয়ে সুন্দর উপহার আর হতে পারে না। প্রেম, বিয়ে এবং এবার নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষা—সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন শোভন ও সোহিনী। আর সেই বিশেষ মুহূর্তটি তাঁরা উদযাপন করলেন নিজেদের সম্পর্কের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটিতে।







