কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সুজানগর গার্লস একাডেমি
মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় সুজানগর গার্লস একাডেমি থেকে অংশগ্রহণকারী উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুজানগর গার্লস একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
একাডেমির সহকারী শিক্ষক আলমাস উদ্দিন ও কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। একাডেমির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডমিন অফিসার ফাহিমুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই সাফল্য একাডেমি, একাডেমির শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে একপর্যায়ে একাডেমির থিম সং পরিবেশন করেন একাডেমির একদল শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত করে তোলে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের মধ্যে ৭ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন সহ শতভাগ পাশের হার অর্জন করেছে সুজানগর গার্লস একাডেমি।







