ইউকেবিসিসিআই-এর সংবর্ধনায় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ক্যানারি ওয়ার্ফের একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের চারবারের নির্বাচিত নির্বাহী মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালকরা প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ইমাম উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া বলেন, প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলাই ইউকেবিসিসিআই-এর অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যবসায়ী সমাজের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে নির্বাহী মেয়র লুৎফুর রহমান ইউকেবিসিসিআই-কে ধন্যবাদ জানিয়ে বলেন, তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগে এগিয়ে আসতে হবে। তিনি জানান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সাশ্রয়ী আবাসন, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসার বিকাশ এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা দেশটির অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। তিনি দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে প্রবাসী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফাইন্যান্স বিষয়ক ক্যাবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ যুবায়ের, ক্যাবিনেট মেম্বার ফর বিজনেস অ্যান্ড স্কিলস কাউন্সিলর সোনালি মিয়া, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ইউকেবিসিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে নৈশভোজ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে ইউকেবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ড. জস ইউ আহমেদ, লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ডিরেক্টর অলি খান এমবিই, হারুন মিয়া, ফারজানা হোসাইন নীলা, আব্দুল লতিফ কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাজ্য-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ইউকেবিসিসিআই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।







