সকালে খালি পেটে কাঁচা ছোলা কী কী উপকার করে?
সকালের সোনালী রোডে দিনটি শুরু করার সময় আমাদের প্রথম খাবারটি হওয়া উচিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর। কিন্তু ব্যস্ত নাগরিক জীবনে আমরা প্রায়ই সঠিক পুষ্টির বিকল্প খুঁজতে গিয়ে কৃত্রিম সাপ্লিমেন্টের দিকে ঝুঁকে পড়ি। অথচ আমাদের রান্নাঘরেই রয়েছে এমন এক প্রাকৃতিক উপাদান, যা শরীরকে সুস্থ ও চনমনে রাখতে জাদুর মতো কাজ করতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি ভেজানো কাঁচা ছোলার কথা।
সম্প্রতি বিশ্বখ্যাত লাইফস্টাইল ও স্বাস্থ্য বিষয়ক মাধ্যম হেলথশটস-এ প্রকাশিত একটি স্বাস্থ্য প্রতিবেদনে কাঁচা বা ভেজানো ছোলার অসাধারণ পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরা হয়েছে।
ভারতের ‘রাইটকেলোরিস’-এর প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ান রিতু খানেজা জানান, ভেজানো কালো ছোলা প্রোটিন, ফাইবার, ভিটামিন, খনিজ এবং হৃদযন্ত্রের জন্য উপকারী ফ্যাটের একটি পাওয়ার হাউস। বাজারে পাওয়া কৃত্রিম হোয়ে প্রোটিনের তুলনায় এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং অনেক বেশি পুষ্টিসমৃদ্ধ।
ছোলা কেন ভিজিয়ে খাবেন?
ছোলা ভিজিয়ে রাখলে এর পুষ্টির গুণমান (যেমন প্রোটিন ও ভিটামিন) অনেক বেড়ে যায় এবং এটি হজম করা সহজ হয়। পুষ্টিবিদ রিতু খানেজার মতে, অন্তত ৮ ঘণ্টা ঠাণ্ডা পানিতে অথবা ৪ থেকে ৫ ঘণ্টা কুসুম গরম পানিতে এক মুঠো ছোলা ভিজিয়ে রাখা উচিত। তবে খেয়াল রাখতে হবে, কাঁচা ছোলা অতিরিক্ত পরিমাণে খেলে পেট খারাপ হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। সকালে প্রাতঃরাশের সময় এটি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়, যা আপনাকে সারা দিন এনার্জি বা শক্তি জোগাবে।
কাঁচা বা ভেজানো ছোলার প্রধান ৬টি উপকারিতা নিচে আলোচনা করা হলো:
১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
ডায়াবেটিস রোগীদের জন্য ভেজানো ছোলা অত্যন্ত উপকারী। ছোলার মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার হজম প্রক্রিয়াকে ধীরগতির করে। এর ফলে শরীরে শর্করা বা চিনি শোষণের গতি নিয়ন্ত্রিত থাকে এবং রক্তে হঠাৎ শর্করার মাত্রা বাড়ে না। নিয়মিত এটি খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে।
২. ওজন নিয়ন্ত্রণ ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমানো
ভেজানো ছোলায় ক্যালোরি কম থাকে কিন্তু এটি পুষ্টিতে ভরপুর। এর কম গ্লাইসেমিক ইনডেক্স এবং উচ্চ ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে অসময়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার বা বেশি খাওয়ার প্রবণতা কমে যায়, যা প্রাকৃতিক উপায়ে ওজন কমাতে দারুণ সাহায্য করে।
৩. চুলের স্বাস্থ্য রক্ষা ও অকালপক্বতা রোধ
সুন্দর ও মজবুত চুলের জন্য ভিটামিন এ, বি৬, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ অত্যন্ত প্রয়োজনীয়, যা ভেজানো ছোলায় প্রচুর পরিমাণে থাকে। নিয়মিত কাঁচা ছোলা খেলে চুল পড়া কমে এবং চুলের অকালপক্বতা অর্থাৎ অকালে চুল পেকে যাওয়া রোধ করতে সাহায্য কর।
৪. হৃদযন্ত্রের সুরক্ষা ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ
ছোলায় থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, যা হৃদরোগের ঝুঁকি দূর করে। এছাড়া নিয়মিত ছোলা খেলে শরীরে ‘বিউটিরেট’ নামক ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যা শরীরের প্রদাহ কমায়। ছোলার অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান কোলন, স্তন ও ফুসফুসের ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
৫. হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি ও রক্তস্বল্পতা দূরীকরণ
নিরামিষভোজীদের জন্য আয়রনের অন্যতম সেরা উৎস হলো ভেজানো কালো ছোলা। এটি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে ভূমিকা রাখে। বিশেষ করে গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এটি অত্যন্ত উপকারী।
৬. বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখা
বয়স ৩০ পার হতেই অনেকের ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। ছোলায় রয়েছে ম্যাঙ্গানিজ, যা ত্বকের ফ্রি-র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে। ফলে ত্বকে বলিরেখা পড়া প্রতিরোধ হয় এবং বার্ধক্যের ছাপ সহজে পড়ে না।
কিছু সতর্কতা
উপকারিতা অনেক থাকলেও কিছু ক্ষেত্রে ভেজানো কাঁচা ছোলা খাওয়া এড়িয়ে চলা উচিত। পুষ্টিবিদদের মতে, আপনার যদি নিচের সমস্যাগুলো থাকে তবে এটি এড়িয়ে চলুন:
ডায়রিয়া বা পাতলা পায়খানা থাকলে
পেট ফাঁপা বা গ্যাস-অম্বলের সমস্যা থাকলে
শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকলে বা গেঁটে বাত থাকলে
কিডনিতে পাথরের সমস্যা থাকলে
তথ্যসূত্র: হেলথশটস







