সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে এক নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লালারগাঁওস্থ কুশিয়ারা পাম্পের পাশেই ঘটে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের হেল্পার ঘটনাস্থলে মারা গেলেও তাৎক্ষণিক তার ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কুশিওড়া এলাকার আজিজুর রহমানের স্ত্রী সালমা আক্তার (৪০), শেরপুর জেলার সদর থানাধীন নবীনগর গ্রামের আফসার আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), একই জেলার পাইকুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মারুফ(১৮), ভাইরাঙ্গা এলাকার আব্দুল্লাহ ছেলে সুমন (২১), ময়মসিংহের তারাকান্দা থানার গুয়াতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে হোসাইন (২১), বরিশালের ঝালকাঠি থানার বাসিন্দা রমজান(২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঢাকাগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের হেল্পার ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুজ্জামান বলেন, নিহত হেল্পারের নাম-পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







