মায়ের অস্থি তুলতে পুকুরে নেমে প্রাণ গেল সাবেক কাউন্সিলরের
মায়ের অস্থি সংগ্রহ করতে পুকুরে নেমেছিলেন মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর স্বপন রায় (৭০)। অস্থি সংগ্রহের আগেই পুকুরের পানিতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বপন রায় ওই এলাকার মৃত শচীন্দ্র রায়ের ছেলে। তিনি মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্বপন রায়ের মা মারা যান। মায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে অস্থি সংগ্রহ করতে পানিতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে যান।
পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাবেক কাউন্সিলরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই।”







