দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ৭
সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ১ হাজার ৫০০ টাকা পাওনা নিয়ে ঘাগটিয়া গ্রামের আব্দুল মুকিত ও জুয়েল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে বুধবার বিকেলে আব্দুল মুকিত দিরাই বাজারে যাওয়ার পথে জুয়েল মিয়া ও তার লোকজনের সঙ্গে তার বিরোধের সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের খবর পেয়ে আব্দুল মুকিতের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। আহতরা হলেন-আব্দুল হাফিজ (৪০), আব্দুর রহিম (৬৫), আব্দুল মুকিত (৪৫), ইমন (২১), আশিক মিয়া (৪০), জুয়েল (৪০) ও সাব্বির মিয়া।
আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আব্দুর রহিম, ইমন ও সাব্বির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।







