আইফোনের কিস্তি দিতে না পেরে নদীতে ঝাঁপ দিলেন নৃত্যশিক্ষক
আইফোনের মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধ করতে না পেরে আর্থিক চাপে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন এক নৃত্যশিক্ষক। পরে উদ্ধারকারীরা তাকে জীবিত উদ্ধার করেন বলে জানিয়েছে ভারতের দিল্লি পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় ৩০ বছর বয়সী দীপক কুমার একটি ঘাট থেকে যমুনায় ঝাঁপ দেন। টহলরত পুলিশ সদস্যরা তাকে পানিতে ঝাঁপ দেওয়ার পর নড়াচড়া করতে দেখে দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। পরে দ্রুত নৌকা নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওখলার বাসিন্দা দীপক কুমার নৃত্যশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বাগানের কাজও করেন।
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার। গত কয়েক মাসে আয় কমে যাওয়ায় আইফোনের মাসিক কিস্তি পরিশোধ করা তার জন্য কঠিন হয়ে পড়ে।
আর্থিক চাপ ও মানসিক দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহননের চেষ্টা করেন বলে পুলিশকে জানিয়েছেন। পরে পুলিশ তাকে কাউন্সেলিং করে এবং স্ত্রী ও শ্যালককে থানায় ডেকে আনার পর পরিবারের সঙ্গে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
একই দিনে ভারতের মহারাষ্ট্রেও আইফোনের ইএমআই নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনজন পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা সামনে আসে। তবে তদন্তে ওই ঘটনার পেছনে আরো কিছু কারণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।







