মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাস ও হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার রতনপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় আহত প্রায় ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করেন। পরে সরকারি রেকারের মাধ্যমে যানবাহন দুটি ডাম্পিং করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি ইমরুল সাহেদ বলেন, নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







