এমসি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে এখন আপনারা এসেছেন। দেশকে নেতৃত্ব দেওয়ার, সমাজকে নেতৃত্ব দেওয়ার সময় এখন এসেছে। এজন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সুন্দর, সুশৃঙ্খল সমাজব্যবস্থা কায়েম করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ জীবন গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক জ্ঞানার্জনে সীমাবদ্ধ না থেকে দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং সুশৃঙ্খল ক্যারিয়ার গঠনে ছাত্রশিবির আগেও যেরকম পাশে ছিল, এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার দুপুরে এমসি কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
তিনি আরও বলেন, চাইলেই একজন শিক্ষার্থী ভালো হতে পারেন আবার খারাপও হতে পারেন। ভালো কিংবা খারাপ হওয়া প্রত্যেকের নিজের হাতেই। তাই বাবা-মার স্বপ্ন বিফলে না দিয়ে নিজেকে ভালো পথে রাখো, পড়ালেখা করো, যোগ্য হয়ে গড়ে তুলো। ভালো সার্টিফিকেট থাকলেই হবে না স্কিল তৈরি করতে হবে। সবধরনের স্কিল অর্জন করে নিজেকে অন্যের তুলনায় এগিয়ে রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও সিলেট মহানগর শিক্ষা সম্পাদক সাইফুর রহমান।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, শাহজাহান আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, আব্দুল্লাহ আল ফারুক, আবু তাহের ফাহিম, এনামুল ইসলাম এনাম ও ইসমাইল খান সৌরভ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিবিরের এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ। পরে ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র ‘হেরার আলো জ্বালবোই’ বরণসঙ্গীতের সুরের সাথে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজী তাসকিয়া ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুহিতুর রহমান।
আলোচনা ও বরণ পর্ব শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুস্তায়িনুর রহমান মওদূদ। পরবর্তীতে ছাত্র-শিবিরের এমসি কলেজ শাখা সভাপতি মো. আবু তাহের মিসবাহের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুপুর দেড়টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহার ও খাবার বিতরণ করা হয়।
নবীন বরণ উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতা হয়েছিল। প্রায় ১৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩ জনকে সার্টিফিকেট ও অর্থসহ পুরস্কৃত করা হয়েছে। এছাড়া এদিন অডিটোরিয়ামের বাহিরে বিনামূল্য রক্তের গ্রুপ জানার জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়।







