শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শান্তিগঞ্জ বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়। অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অভিযানের সময় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।







