এমবিবিএস চিকিৎসক হলেন সোলায়মান আহমদ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গর্ব হিসেবে নতুন পরিচিতি অর্জন করেছেন ডা. সোলায়মান আহমদ। এমবিবিএস ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে তিনি নিজ গ্রামের প্রথম এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি তিনি দোহালিয়া ইউনিয়নের হাতে গোনা কয়েকজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকের একজন।
ডা. সোলায়মান আহমদ দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মরহুম ছফির আলীর ছেলে। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে চিকিৎসাশাস্ত্রে এই সাফল্য অর্জন করেছেন তিনি।
তার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চিকিৎসা পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি মানুষের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করার এক মহান দায়িত্ব। এলাকাবাসীর প্রত্যাশা, ডা. সোলায়মান আহমদ ভবিষ্যতে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
স্থানীয়দের মতে প্রত্যন্ত এলাকার একটি গ্রাম থেকে একজন এমবিবিএস চিকিৎসকের উঠে আসা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বিষয়। তার এই সাফল্য শুধু কাঞ্চনপুর গ্রামের নয়, বরং পুরো দোহালিয়া ইউনিয়নের জন্য গর্ব ও আনন্দের।
ডা. সোলায়মান আহমদের উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত জীবনের সাফল্য এবং মানবিক চিকিৎসাসেবার প্রত্যাশায় তাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।







