মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বাবু তাঁর ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, মতপার্থক্য বা রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে। তবে এর জেরে কারও সম্মানহানি, মিথ্যা তথ্য প্রচার কিংবা একটি পরিবারের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কাম্য নয়।
তোফাজ্জল হোসেন চৌধুরী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি, অসম্পূর্ণ তথ্য কিংবা ঘটনার প্রেক্ষাপট বিবেচনা না করে তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। তাঁর ভাষ্য, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় নির্ধারণে একটি ছবি যথেষ্ট নয়। কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছেন। তবে কোনো সরকারি অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে উপস্থিত থাকা মানেই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী হওয়া নয় বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি পবিত্র কোরআনের আয়াত ও হাদিস উদ্ধৃত করে সংবাদ বা কোনো ব্যক্তির বিষয়ে মন্তব্য করার আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর ও পরিবারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার অনুরোধ করেন।
তোফাজ্জল হোসেন চৌধুরী জানান, বিষয়টি নিয়ে তিনি মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আইন ও ন্যায়বিচারের প্রতি তাঁর আস্থা রয়েছে উল্লেখ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করার কথা জানান তিনি।
পোস্টের শেষাংশে তিনি বলেন, তিনি কারও প্রতি বিদ্বেষ পোষণ করেন না। সত্য প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে সবার প্রতি বিদ্বেষ ও অপপ্রচার পরিহার করে ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানান।







