মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন জুরেজ আব্দুল্লা গুলজার
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর (অবৈতনিক) হিসেবে নিয়োগ পেয়েছেন জুরেজ আব্দুল্লা গুলজার।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) ছাড়াও সমগ্র সিলেট অঞ্চলে তাঁর মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ, সরকারি সফর, রাজনৈতিক কর্মসূচি এবং সার্বিক কর্মকাণ্ডের যথাযথ প্রচার ও গণমাধ্যমে তথ্যপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়, মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও গতিশীল করার উদ্দেশ্যে জুরেজ আব্দুল্লা গুলজারকে সিলেট অঞ্চলের ব্যক্তিগত মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি মন্ত্রীর পক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি সমগ্র সিলেট অঞ্চলে মিডিয়া ও প্রেস-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
উল্লেখ্য, এ নিয়োগ অবৈতনিক। এর মাধ্যমে সিলেট অঞ্চলে মন্ত্রীর সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সাংবাদিকদের সঙ্গে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবেন জুরেজ আব্দুল্লা গুলজার।






