শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ এবং প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার।
প্রশিক্ষণ কর্মশালায় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ২৮ জন তথ্য সংগ্রহকারী এবং দুজন সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহের কাজ সহজ করতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। এতে কর্মসূচি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রমে শৃঙ্খলা ও নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।







