চুনারুঘাটে সিএনজির গোপন বাক্সে ৩৫ কেজি গাঁজা, গ্রেফতার ২
হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশার পেছনের ডালায় বিশেষভাবে তৈরি গোপন বাক্সে লুকিয়ে পাচারের সময় ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
রবিবার (১১ অক্টোবর) সকালে চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পীরের বাজার এলাকার খন্দকার ভিলার সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গণকিরপাড় গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৩) এবং একই গ্রামের আব্দুর নূরের ছেলে মো. নাঈম মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক পাচার প্রতিরোধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সকালে পীরের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অটোরিকশার পেছনের ডালার ভেতর গোপন বাক্স বানিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।







