লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলের নতুন তিনটি বাস উদ্বোধন
লিডিং ইউনিভার্সিটির পরিবহনপুলে আরো নতুন তিনটি ৬০ সিটের বাস যুক্ত হলো। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা ধারালো ২৪টি। রোববার (১০ অক্টোবর) নতুন এই তিনটি বাস উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে লিডিং ইউনিভার্সিটি বদ্ধপরিকর এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা বৃদ্ধি এবং আরো আধুনিক হচ্ছে উল্লেখ করে এসময় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরো নতুন তিনটি বড় আকারের বাসের ব্যবস্থা করেছে। তিনি এই নতুন বাসগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য ড্রাইভার ও পরিবহন দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা খুবই জরুরি উল্লেখ করে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আজ খুবই আনন্দের দিন এ জন্য যে তিনটি নতুন বাস শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলে যুক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বাস উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব এবং পরিবহন দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা ও ড্রাইভারবৃন্দ উপস্থিত ছিলেন।







