নদীতে নেমে গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ
আজমিরীগঞ্জে বাড়ির পাশেই কালনী নদীতে গোসল করতে নেমে মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহানগর নরজাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ মরিয়ম বিবি ওই গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অন্ধকার নেমে আসায় দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মরিয়ম বিবি বাড়ির পেছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তিনি নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ মরিয়ম বিবির সন্ধান না পাওয়ায় অন্ধকার নেমে আসার পর অভিযান স্থগিত করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে নদীতে গোসল করতে নেমে স্রোতের কারণে মরিয়ম নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।







