মাধবপুরে ফুটবল খেলার বিরোধে দুই দফা সংঘর্ষ, নারীসহ আহত ২০
হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শুরু হওয়া বিরোধের জেরে মঙ্গলবার সকালে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর পৌর শহরের পুরাতন গরুর বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের কয়েকজনের সঙ্গে মাধবপুর পুরাতন গরুর বাজার এলাকার লোকজনের ফুটবল খেলা নিয়ে বিরোধ দেখা দেয়। খেলা কেন্দ্র করে বাজি ফুটানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হলে আরও ১৫ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম জহির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনার পর উভয় পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁরা স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে বা নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







