লাখাইয়ে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে মাদকবিরোধী অভিযানে মো. সাইদুল (৪৫) নামে এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কয়েক পুরিয়া গাঁজাসহ স্থানীয় লোকজন সাইদুলকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আটক মোঃ সাইদুলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ সাইদুল (৪৫) লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম কাসেম।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ, উপপরিদর্শক (এসআই) শাহ আলমসহ পুলিশের একটি দল।
আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত সাইদুলকে কারাভোগের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।







