সিলেটে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৪, উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ পণ্য

প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরী
সিলেট মহানগরীতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এরই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, আমদানি নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিসহ মোট ২৪ জনকে আটক করে পুলিশ।
অভিযানকালে পুলিশ ৫০০ গ্রাম গাঁজা, আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুল ও মনস্টার এনার্জি ড্রিংক এবং ৬৭২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। উদ্ধার করা এসব পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন ধরনের মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৫৭টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ পণ্যবিরোধী কার্যক্রম জোরদার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।






