নবীগঞ্জে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার
নবীগঞ্জ উপজেলায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও একটি বহুল আলোচিত অপহরণ মামলার এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পরোয়ানাভুক্ত ও অপহরণ মামলার এসব আসামি এলাকায় অবস্থান করছে সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত( ওসি) আবুল হোসেন এর দিকনির্দেশনায় এসআই এবং সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি অপহরণ মামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-উপজেলার কাকুরা গ্রামের আঃ কাইয়ূমের পুত্র ফয়েজ মিয়া (২৩) লহরজপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রুহেল মিয়া, পিটুয়া (মাঝপাড়া) মৃত ওয়ারিশ উল্লার পুত্র শিফার উদ্দিন, পৌর এলাকার গন্ধা গ্রামের মৃত জুলমত খা পুত্র সাজ্জাদুর রহমান প্রকাশ সাজু মিয়া (৩০) আটক করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।







