নতুন বাড়ি কিনে বিপাকে দম্পতি, মিলল ২৫টি সাপ
নতুন বাড়িতে নিজের ছোট্ট সন্তানকে নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিলেন যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাসিন্দা জেসিকা পেরি ও তার স্বামী। কিন্তু বাড়িতে ওঠার কিছুদিন পরই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। বেসমেন্টে একটি সাপ দেখতে পাওয়ার পর ধীরে ধীরে বাড়ির ভেতরে ও আশপাশে আরো সাপের সন্ধান পান তারা।
ফক্স নিউজ জানিয়েছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ২৫টি সাপের দেখা পেয়েছেন এই দম্পতি। এ ঘটনায় আতঙ্কিত হয়ে এক রাত হোটেলেও কাটাতে হয়েছে তাদের। জেসিকা জানান, বাড়িটি প্রথম দেখেই তাদের পছন্দ হয়েছিল।
বিশেষ করে কটেজের মতো নকশা তাদের খুব ভালো লেগেছিল। ছেলেকে নিয়ে বসবাসের জন্য বাড়িটিকে আদর্শ মনে করেছিলেন তারা। কিন্তু সেখানে ওঠার পরই বেসমেন্টে সাপের আনাগোনা শুরু হয়। কয়েকটি সাপের দৈর্ঘ্য ছিল প্রায় ছয় ফুট।
জেসিকা বলেন, একপর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তারা বাড়িতে থাকতে সাহস পাননি। এক রাত হোটেলে কাটাতে হয় তাদের। বাড়ির ভেতরে ও বাইরে সাপ খোঁজা এখন তাদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে।
বাড়ির সামনের বারান্দার নিচে নির্মাণকাজ করতে গিয়ে সাপের সম্ভাব্য আস্তানার সন্ধান পান তারা। সেখানে প্রচুর সাপের ডিম পাওয়া যায়।
কিছু ডিম থেকে ইতিমধ্যে বাচ্চাও ফুটেছে। আবার কিছু ডিম দেখে মনে হয়েছে, সেগুলো কয়েক বছর ধরে সেখানে পড়ে ছিল।
প্রতিবেশী ও বাড়ির আগের মালিকদের সঙ্গে কথা বলে দম্পতি জানতে পারেন, বাড়িটিতে সাপের উপদ্রব নতুন নয়। কয়েক দশক ধরেই এই সমস্যা চলছে। এমনকি এলাকাবাসীর কাছে বাড়িটির পরিচিতি ছিল ‘সাপের বাড়ি’ নামে।
জেসিকার অভিযোগ, বাড়ি কেনার আগে তারা প্রয়োজনীয় সবকিছুই করেছিলেন। বাড়ি পরিদর্শন ও মূল্যায়ন করিয়েছিলেন। তারপরও এত বড় সমস্যার কথা জানতে পারেননি। এ কারণে তাদের মনে হচ্ছে, বাড়ি কেনার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে।
এখন সাপের প্রবেশ বন্ধ করতে বাড়িটিতে বড় ধরনের মেরামতের কাজ করতে হচ্ছে। এতে কয়েক হাজার ডলার খরচ হবে বলে জানিয়েছেন তারা। অপ্রত্যাশিত এই আর্থিক ও মানসিক চাপ সামাল দিতে সাপের উপদ্রব থেকে মুক্তির খরচ জোগাতে একটি গোফান্ডমি-তে তহবিল খোলা হয়েছে। চরম এই বিপদের দিনেও মানুষের সহযোগিতা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করে জেসিকা বলেন, তারা এখনও পরিস্থিতি ইতিবাচকভাবে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।







