পরিবারের সদস্যদে দিয়ে অনৈতিক ভিডিও তৈরি করে বিক্রি, আটক ১
পরিবারের সদস্যদের দিয়ে অনৈতিক ভিডিও তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন সাইটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।
জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত। সেখানে নিজের স্ত্রী, মেয়ে, শালিকা এবং ভাগনির অনৈতিক ভিডিও তৈরি করত। এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক সাইটে বিক্রি করত। তাঁর ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় গোয়েন্দা সংস্থা। প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরে তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন।
গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাদের মালপত্র বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানার পুলিশ অভিযান চালিয়ে চক্রের মূল হোতাকে আটক করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে অনৈতিক ভিডিও তৈরির নানা আলামত জব্দ করা হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







