শাল্লায় দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চেয়ারম্যান প্রার্থী রফিকুলের অঙ্গীকার
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন মো: রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা ও মহড়ার মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে দোয়া আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন। তার সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ইউনিয়নের দামপুর, চব্বিশা, রহমতপুর, কান্দিগাঁও সহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে যান।
এসময় চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলাম সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শোনে সান্ত্বনার বাণী দিয়ে তিনি এলাকার মানুষের উদ্দেশ্য আরো বলেন, আমি আপনাদেরই আপনজন আপনারাও আমার আপনজন। এই এলাকা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এসব পরিলক্ষিত করে সিদ্ধান্ত নিয়েছি এলাকার মানুষের পাশে থাকার। এলাকার রাস্তাঘাট, হাওরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গন সৃষ্টি করে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব। আমাদের ৪নং শাল্লা ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশী।







